প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৌদি আরবে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ১৭ আগস্ট শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রেস সচিব ফখরুল জানান, বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন। আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে এবং দুই জনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, এ বছর পবিত্র হজ করতে গিয়ে মারা গেছেন ৭২ হজযাত্রী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ছয়জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

এদিকে, ১৭ আগস্ট শনিবার শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরা। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ৪১৮ হাজিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

About the author

SOFT PRO IT