নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ক্রিকেটকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে ক্রিকেটকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার নুনেরটেক পশ্চিমপাড়া গ্রামে একই পরিবারের ১০ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক পশ্চিম পাড়া গ্রামের আমির আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজের পরিবারের দীর্ঘ দিন বিরোধ চলছিল। বুধবার (১৭ জুলাই) রাতে আমির আলীর ছেলে ওয়াছকুরনী ইসলাম ক্রিকেট খেলার সময় তার বল আজিজের বাড়িতে চলে যায়। এ সময় আব্দুল আজিজ ক্ষিপ্ত হয়ে সাইদুল ইসলামকে মারধর করে। পরে আমীর আলী তার ছেলেকে মারধরের ঘটনায় স্থানীয় মাতব্বরের কাছে বিচার চাওয়ায় আব্দুল আজিজের নেতৃত্বে খান বাহাদুর, মাজহারুল ইসলাম, করিম আলী, মনির হোসেন, মোসলেম মিয়া, মেহেদী হাসান, আবুল হোসেন, আলী আকবর, মোক্তার হোসেনসহ ২০-২৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমির আলীর পরিবারের ওপর হামলা চালায়। এ সময় হালিমুন, আমির আলী, সাইদুল ইসলাম, ওয়াছকুরনী, বাহাউদ্দিন, সালা উদ্দিন, শিশু জান্নাত, সমলা বেগম, দিল মোহাম্মদ ও শাহারুনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে বাড়িঘর ভাঙচুর চালিয়ে ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট করে হামলাকারীরা।

এ দিকে আহতদের হাসপাতালে নেওয়ার সময় নদীর মাঝপথে নৌকায় সন্ত্রাসীরা দ্বিতীয় দফায় হামলা চালায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমির আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত আমির আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিজের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। অপরদিকে আব্দুল আজিজ বলেন, আমাদের পক্ষের লোকজনও কিছু আহত হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT