জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেনানিবাসে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

সেনানিবাসে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই রবিবার বাদ জোহর তার জানাজা সম্পন্ন হয়। এতে জাতীয় পার্টির নেতা, পরিবারের সদস্যসহ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, মানুষ মাত্রই ভুলক্রুটি হয়ে থাকে। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

জানাজা অনুষ্ঠানে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ বিষয়ে সবকিছু তত্ত্বাবধান করবে সেনাবাহিনী।

জানা যায়, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা হবে ১৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ওখান থেকে এরশাদের লাশ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। একই দিন বাদ আসর সাবেক রাষ্ট্রপতির লাশ নেয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ওখানেই হবে তার তৃতীয় জানাজা। চতুর্থ জানাজা হবে ১৬ জুলাই মঙ্গলবার রংপুরে। ওখান থেকে তার লাশ এনে ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তখন থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। আজ সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন হাসপাতালটির চিকিৎসকরা।

About the author

SOFT PRO IT