নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে খেলার মাঠে ভবন নির্মাণ করায় শিক্ষার্থীদের ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে খেলার মাঠে ভবন নির্মাণ করায় শিক্ষার্থীদের ক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পাঠানটুলী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিত্যক্ত ভবন ও জায়গা থাকার পরও কর্তৃপক্ষ খেলার মাঠে পাঁচ তলা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক কারিগরি স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অনুমোদনে আট কোটি টাকা ব্যয়ে ২১৫ ফুট দৈর্ঘ্য ও ৫২ ফুট প্রশস্থ পাঁচ তলা একাডেমি কাম-ওয়ার্কসপ ভবন নির্মাণ বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিত্যক্ত ভবন ও জায়গা থাকার পরও কর্তৃপক্ষ খেলার মাঠে এই ভবন নির্মাণ কাজ শুরু করায় শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।

এদিকে ২৭ই মে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণের ফাউন্ডেশন করার জন্য মাঠে গর্ত করা হয়েছে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। তবে এলাকার শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করে জানায়, প্রতিষ্ঠানটিতে পরিত্যক্ত ভবন ও জমি পরে আছে। সে জমি ব্যবহার না করে কর্তৃপক্ষ পরিকল্পনা বিহীন শিক্ষার্থীদের খেলার মাঠটি বিলিন করে কাজ করছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করার সিদ্ধান্ত বোধগম্য নয়। খেলার মাঠ রক্ষার বিষয়টি সুবিবেচনার দাবি জানান শিক্ষার্থীরা।

তারা আরো জানান, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি স্কুল প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য খেলার মাঠ রাখার ঘোষণা দিয়েছিলেন। আজ সেখানে খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠ বিলুপ্ত করে দেয়া হচ্ছে। আমরা চাই মাঠ ঠিক রেখে এ প্রকল্পের কাজ পরিত্যক্ত জায়গাতে করা হোক। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা না করলে আগামী রবিবার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান স্থানীয়রা ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ দশমিক ৫০ একর জমির উপর ১৯৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সেলিম মৃধা বলেন, আমি এ বছরের মার্চে যোগদান করেছি। আমি আসার আগেই এ প্রকল্পের কাজ অনুমোদন হয়। তাদের সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ দরকার বলে মনে করি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে  শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠের কোন ক্ষতি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2021

সিদ্ধিরগঞ্জে খেলার মাঠে ভবন নির্মাণ করায় শিক্ষার্থীদের ক্ষোভ

www.narayanganjbarta24.com