নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাজা এড়াতে ভন্ড পাগল সেজে ১৬ বছর পলাতক

সাজা এড়াতে “ ভন্ড পাগল ” সেজে ১৬ বছর পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আদালতে এক মামলায় ৩ বছর সাজা ঘোষণার ১৬ বছর পর নিজাম উদ্দিন (৬৮) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ২রা মার্চ বুধবার গভীর রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলবাসুনদো গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরবর্তীতে ২০০৬ সালে বিজ্ঞ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে পাগল সেজে সিদ্ধিরগঞ্জ ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সময় তিনি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দেন।

পুলিশ আরও জানায়, নিজাম উদ্দিন এতদিন কবিরাজি, তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করে আসছিলেন। তার শ্বশুর বাড়ির এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ভণ্ড পাগল পরিচয়ে তিনি ব্যাপক পরিচিত হয়ে ওঠেন।

বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিজাম উদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

About the author

SOFT PRO IT