নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমান শাস্তিযোগ্য আচরণবিধি লঙ্ঘন করেননি : সিইসি নূরুল হুদা

শামীম ওসমান শাস্তিযোগ্য আচরণবিধি লঙ্ঘন করেননি : সিইসি নূরুল হুদা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নোটিশ করে শাস্তির আওতায় আনার মতো আচরণবিধি লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ১২ই জানুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে সিটি করপোরেশন নির্বাচনের প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণে আছে। নাসিক নির্বাচন ঘিরে সব ধরনের সহিংসতা ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে সিইসি নুরুল হুদা বলেন, সবাইকে আচরণবিধি মানতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি (শামীম ওসমান) আচরণবিধি ভঙ্গ করতে পারবেন না। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নোটিশ করা হয়নি। কারণ, তিনি বলেছেন শুধু, এরপর বাস্তবায়নে মাঠে নামেননি।

শামীম ওসমানের সংবাদ সম্মেলনের প্রসঙ্গে তিনি বলেন, এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে তা নোটিশ করে শাস্তির আওতায় নিতে হবে, এমন আচরণবিধি লঙ্ঘন করেননি।

প্রধান নির্বাচন কমিশনার হুদা বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো সমস্যা দেখি না। প্রার্থীরা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়ায়নি। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন নির্বাচনি সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই। তবে বড় ধরনের কোনো নির্দেশনা আসলে বিষয়টি অবশ্যই দেখা হবে। পাশাপাশি ভোটের দিন সব কেন্দ্রে ভোটার এবং এ কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

About the author

SOFT PRO IT