রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলা এনইউজের নিন্দা

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলা এনইউজের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টিভির প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সদস্য রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে আহত রিয়াজকে দেখতে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে যান এনইউজে নেতারা। এসময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে রাত ৮টার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন রিয়াজ। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ইট দিয়ে তার শরীর থেঁতলে দেয়। আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রিয়াজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

সাংবাদিক নেতারা বলেন, প্রশাসনের কাছে দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

About the author

SOFT PRO IT