রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সার্ভিস বিলের দাবিতে রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় দিকে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রোববার দুপুরে উপজেলার কালাদি ও ত্রীশকাহনিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার ত্রিশকাহনিয়া এলাকায় সিনহা গ্রুপের পৃথা ফ্যাশন নামের পোশাক কারখানাটি রয়েছে। আর এ কারখানায় প্রায় সাড়ে ৩ শতাধীক শ্রমিক এক যুগেরও বেশি ধরে কাজ করে আসছেন। গত ১২ জানুয়ারী পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। বন্ধ ঘোষণা করার পরই শ্রমিকরা সরকারের শ্রম আইন অনুযায়ী তাদের সার্ভিস বিল দাবি করেন মালিকপক্ষের কাছে। শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানায় টানা ১৩ দিন আন্দোলন করেন। এক পর্যায়ে মালিকপক্ষ ২৭ ফেব্রুয়ারী শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। শ্রমিকদের চাপের মুখে ফের মার্চ মাসের ১৫ তারিখে পরিশোধ করার আশ্বাস দেন। গতকাল সকালে মালিকপক্ষের কথামতো বকেয়া পাওনার জন্য শ্রমিকরা কারখানায় গেলে ফের টালবাহানা শুরু করেন।

এরপর বেলা ১১টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে ত্রিশকাহনিয়া এলাকায় কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে ও পাওনাদি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা অভিযোগ করে আরো জানায়, একেক জন শ্রমিক প্রায় ৬০ হাজার টাকা করে সার্ভিস বিল পাবে। মালিকপক্ষ ওই বিল গুলো আতœাসাত করার পায়তারা করে আসছে। কারখানার জিএম খায়রুল ইসলাম প্রায় সময়ই শ্রমিকদের মামলা-হামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে জানতে কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এ ব্যপারে ওসি মাহমুদুল হাসান বলেন, কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের পাওনার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টাও করা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 March 2020

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ

www.narayanganjbarta24.com