রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার

রুপগঞ্জে গুলিবিদ্ধ ৩ লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে উপজেলার পূর্বাচল উপশহরে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে পুলিশ পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের নিচে থেকে লাশগুলো উদ্ধার করেন। নিহতরা হলেন রাজধানীর মহাখালীর শহীদুল্লাহর ছেলে মো. সোহাগ (৩২),মুগদা এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে শিমুল (৩০) ঐ একই এলাকার আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে নূর হোসেন ওরফে বাবু (৩১)।

এর মধ্যে শিমুল ও বাবু সর্ম্পকে ভায়রা ভাই। ফেসবুকে নিহতদের ছবি দেখে, নিহত ব্যক্তিদের স্বজনেরা রূপগঞ্জ থানায় ছুটে আসেন। তাঁরা লাশ শনাক্ত করেন। স্বজনদের দাবি, গত বুধবার পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সদস্য পরিচয়ে ওই তিনজনকে যাত্রীবাহী বাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিলেন তাঁরা। নিহত সোহাগের ভাই মো. শাওনের তথ্যমতে, গত বুধবার বেড়াতে গিয়ে তাঁর বড় ভাই নিখোঁজ হন। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুকে ছবি থেকে তাঁরা রূপগঞ্জ থানায় এসে লাশ শনাক্ত করেন। তাঁর ভাই ফাস্ট ফুড বাার্গার ও স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করতেন বলে তিনি জানান। নিহত সোহাগের ১০ বছর বয়সী সন্তান রয়েছে।

নিহত শিমুলের স্ত্রী আয়েশা আক্তার আন্নি জানান, গত বুধবার বেড়াতে গিয়ে ফেরার পথে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাঁর স্বামীসহ অন্যদের সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। দুটি মাইক্রোবাস ও একটি গাড়িতে করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। খবর পেয়ে রূপগঞ্জ থানায় এসে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন। তাঁর স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলে জানান, তিনি। তাঁদের এক মেয়ে রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, আলমপুরের ১১ নম্বর ব্রিজ এলাকার সড়কের পাশে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিহত তিন যুবকের পরনে প্যান্ট, শার্ট ও গেঞ্জি ছিল। এছাড়াও আরো জানান নিহত যুবকদের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত একজনের পকেট থেকে ৬৫ টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। নিহত যুবকদের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। তবে ওই যুবকদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা জানাতে পারেননি তিনি।

About the author

SOFT PRO IT