প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় না.গঞ্জের সন্তান রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় না.গঞ্জের সন্তান রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কথা বলার অপরাধে গ্রেফতার নারায়ণগঞ্জের সন্তান মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

২৫ জুলাই শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের এই রিমান্ডের কথা জানিয়ে বলেন, শনিবার থেকে তাকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রায় ২৬ মিনিটের ঐ ডকুমেন্টারিতে মালয়েশিয়ায় আটকে পড়া অবৈধ শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরা হয়। রায়হান কবির ঐ তথ্যচিত্রে এ সম্পর্কে কুয়ালালামপুর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।

ঐ ডকুমেন্টারিতে বলা হয়, মহামারির মধ্যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ দুই হাজারেরও বেশি অনিবন্ধিত শ্রমিককে আটক করেছে এবং কঠোর ভাইরাস লকডাউনের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে। সে ভিডিওটি প্রচারের পর থেকেই মালয় সোশাল মিডিয়াতে মো.রায়হান কবিরের বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়। এর জেরে ধরে কর্তৃপক্ষ তার ওয়ার্ক পারমিট বাতিল করে, এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

About the author

SOFT PRO IT