নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মৃত্যু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হেফাজতে এক ব্যক্তি মারা গেছেন। তবে, সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি হার্ট-স্ট্রোক করে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম সৈয়দুল করিম (৫৫)। তিনি কক্সবাজার জেলার মৃত নুরুল করিমের ছেলে।

রোববার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনেন বলে জানান ওই হাসপাতালের মেডিকেল অফিসার অপু কুমার সাহা।

হাসাপাতালের রেজিস্টারে মরদেহের বাহক হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক জয়নুল আবেদীনের নাম উল্লেখ রয়েছে। তবে এই বিষয়ে কথা বলতে ওই পরিদর্শকের মুঠোফোনের নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

যদিও, অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। ওই সময় সৈয়দুল করিম নামে ওই ব্যক্তিকেও তল্লাশি করা হয়। এক পর্যায়ে তিনি স্ট্রোক করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালেও নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে, নিহত ওই ব্যক্তির কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, তারা একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছিলেন। তাকে হ্যান্ডকাফও পরানো হয়েছিল। যদিও তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। এক পর্যায়ে তিনি স্ট্রোক করে মারা যান।’

‘বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনই দেখছেন। তারা আইনগত ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে আমাদের পুলিশের কোনো সহায়তা লাগলে করবো।’

About the author

SOFT PRO IT