রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মসজিদ ও বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

মসজিদ ও বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গ্রামে হামলা চালিয়ে কুপিয়ে জখম, মসজিদ ভাংচুর ও অর্ধশতাধিক বাড়ি-ঘর-দোকানপাট লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসী। আজ ১৩ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের কায়েতপাড়া ইউনিয়নে বড়ালু এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, গত ৯ই আগস্ট রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে স্থানীয় নাজমুল খন্দকার জয় ও তার বাহিনীর সদস্যরা একই এলাকার সুলতান নামে এক যুবককে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে জয় ও সুলতানের লোকজনের মাঝে সংঘাত হয়। এর জেরে নাজমুল খন্দকার জয় পাশর্^বর্তী চনপাড়া বস্তি থেকে ভাড়ায় সন্ত্রাসী এনে বড়ালু গ্রামে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর, লুটপাট করে অন্তত অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়ে যায়। এক পর্যায়ে ভাড়াটে সন্ত্রাসীরা বড়ালু কেন্দ্রীয় জামে মসজিদে হামলা করে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের পর সে এলাকার ৫টি মসজিদের মুসল্লী, এলাকাবাসী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বড়ালু বাজার এলাকায় জড়ো হয়ে হামলার প্রতিবাদে ডেমরা-কালীগঞ্জ সড়কে মানববন্ধন করে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ  করে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, মাসুম আহমেদ, আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, সাদ্দাম হোসেনসহ শত শত এলাকাবাসী ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হামলা ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছি। অভিযুক্ত অন্যান্যদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

About the author

SOFT PRO IT