নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভ্রাম্যমাণ আদালতে ১১ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

ভ্রাম্যমাণ আদালতে ১১ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : দ্বীগুবাবু বাজার, কালীবাজার, ২নং রেলগেট এলাকায় পণ্যদ্রব্যের উর্ধ্বগতির মূল্য রোধে বিভিন্ন ধারায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রোববার (২৭ মে) দুপুর থেকে সহকারী কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১১ এর এএসপি বাবুল আক্তারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দলও অভিযানে অংশগ্রহণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৪৩ ধারায় মূল্য তালিকা না রাখা, প্রদর্শণ না করা, অতিরিক্ত মূল্য রাখা এবং অস্বাস্থ্যকর ক্ষতিকর পরিবেশে খাবার উৎপাদন করার জন্যসহ অন্যান্য কারণে মাংসের দোকান, মুদি দোকান, রেস্টুরেন্ট স্পাইস গার্ডেনসহ ১১টি দোকানে মোট ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য যাতে জনসাধারণের সাধ্যের মধ্যে থাকে, অতিরিক্ত মূল্য যাতে না নিতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন যাতে না করতে পারে সেজন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেছি। মূল্য তালিকা না রাখা, প্রদর্শণ না করা, অতিরিক্ত মূল্য রাখা এবং অস্বাস্থ্যকর ক্ষতিকর পরিবেশে খাবার উৎপাদন করার জন্য বিভিন্ন মাংসের দোকান, মুদি দোকান, মিষ্টি দোকান এবং রেস্তোরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, পুরো রমজান মাসব্যাপী পর্যায়ক্রমে সব বাজারগুলোতে এই অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে যাতে কোন অসাধু ব্যবসায়ী এধরণের ব্যবসা পরিচালনা করতে না পারে সেজন্য জেলা প্রশাসন সচেষ্ট থাকবে।

About the author

SOFT PRO IT