নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শিশু ধর্ষণকারীদের জন্য কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা। জানা গেছে, ১২ বছর বয়সের নীচের কাউকে ধর্ষণ করলেই অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এজন্য যুগান্তকারী এক অর্ডিন্যান্স পাশ করা হচ্ছে।
বর্তমানে চালু ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন, ২০১২ (পকসো) অনুযায়ী, ১২ বছরের কম বয়সী শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে সাত বছরের সাজার বিধান রয়েছে। তবে অপরাধীদের কড়া সাজা দিতে এই আইনটির সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সে কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিচ্ছে কেন্দ্র।
জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে আইনের বদল আনার জন্য গত সপ্তাহে প্রস্তাব দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে শিশু ধর্ষণের চূড়ান্ত শাস্তি কী হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষমেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রস্তাবে মৃত্যুদন্ডের বিধানই পাশ হয়।
সূত্র : সময়ের কন্ঠস্বর

