জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি : ধর্ম প্রতিমন্ত্রী

বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি : ধর্ম প্রতিমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় তাবলিগ জামাতের দুই গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, দুই ধাপের পরিবর্তে এবারের বিশ্ব ইজতেমা এক ধাপে অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মিটেছে। আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে দুই পক্ষকে সাথে নিয়ে ইজতেমা করা হবে।

তিনি বলেন, আজ (বুধবার) দুই পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন মাওলানা ওয়াশেখ, আরেকটির নেতৃত্বে ছিলেন মাওলানা জুবায়ের। সেই সাথে দুই পক্ষের সবাই এখানে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। দুই পক্ষ একত্রে এ ইজতেমা করবে। গত ২৩ জানুয়ারি বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাওলানা সাদ ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ থেকে ১৩ জানুয়ারি প্রথম এবং ১৮ থেকে ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইজতেমা স্থগিত করা হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে টঙ্গীর পাগার গ্রামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে প্রতি বছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগতীরে। ১৬০ একর এলাকা জুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রণ মুসলমানরা অংশ নেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।

About the author

SOFT PRO IT