ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিটিএসে যোগ দিতে ঘর ছাড়লো নারায়ণগঞ্জের কিশোরী

বিটিএসে যোগ দিতে ঘর ছাড়লো নারায়ণগঞ্জের কিশোরী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসে যোগ দিতে ঘর ছেড়েছে এক কিশোরী (১৬)। এ সময় সে সাথে করে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থও নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত ২টার দিকে ঘর থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী। ওই কিশোরী ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। কেউ কিছু বললেই তার সাথে উত্তেজিত আচরণ করতো। সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের ভক্ত। নিজ রুমে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখতো। বাসায় কারও সাথে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।

২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ ৫ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুজির পরও তার সন্ধান পাইনি। গত ৯ ফেব্রুয়ারি সুন্ধ্যা ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার এক ভাতিজিকে জানায়- সে বিটিএস গ্রুপের সাথে আছে এবং দ্রুতই কোরিয়া গিয়ে বিটিএস দলের সাথে যোগ দেবে। এছাড়া তার ফেসবুকে বিটিএসের মতো নাচগানের অসংখ্য ভিডিও আপলোড করতে দেখা গেছে। এমন অবস্থায় সে পরিবারের অনুমতি ছাড়াই কোরিয়া চলে যেতে পারে এবং যে কোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। প্রথমে আমরা ভেবেছিলাম প্রেমের টানে সে ঘর ছেড়েছে, তাই লোকলজ্জার ভয়ে থানায় যাইনি। সম্প্রতি বিটিএসের ভক্ত তিন কিশোরী উদ্ধারের পর ওই ঘটনার সাথে আমার মেয়ের চলে যাওয়ার মিল খুঁজে পাই। থানায় অভিযোগ দিয়ে এসেছি। উনারা তথ্য-প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাবো। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি আমরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

About the author

SOFT PRO IT