নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিএনপির লোকজন নৌকায় ভোট দেবে না : তৈমূর

বিএনপির লোকজন নৌকায় ভোট দেবে না : তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ঢাকায় এসি রুমে বসে যে যাই বলুক বিএনপির লোকজন নৌকায় ভোট দেবে না। তৈমূর আলম খন্দকার রাজপথে গুলি খাওয়া লোক। আমি নেতাকর্মীদের কাছে পরীক্ষিত ব্যক্তি। কাগজি ফরমায়েশি নারায়ণগঞ্জের মানুষ মানে না। ৪ঠা জানুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড় থেকে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সঙ্গে আছে। বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে। মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারও কথায় তারা নৌকায় ভোট দেবে না।

মেয়র প্রার্থী তৈমূর বলেন, নির্বাচনে জনগণ জয়লাভ করবে। আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি। এটা নেতাকর্মীদের জন্যও ভালো হয়েছে। এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না। আমাকে সঠিকভাবে তারা প্রত্যাহার করে নিয়েছে। আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ, তিনি জনগণের পক্ষে থাকবে।

তিনি আরও বলেন, আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগনের বানিয়ে দিয়েছে। সেজন্য তাদের শুকরিয়া কামনা করি।

তৈমূর আরও বলেন, সকলে আমাকে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন, কারণ এখন আমি দলীয় কোনো প্রার্থী না। যারা ধানের শীষে ভোট দিত, তারা কেন নৌকায় ভোট দেবে, তারা আমাকেই ভোট দেবে। নাগরিকদের চাহিদার কারণেই তো আমার এই প্রার্থীতা।

About the author

SOFT PRO IT