জাতীয় রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার  ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বিএনপির গুলশান কার্যালয়ে যান। এ সময় তাকে আমন্ত্রণ জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে রনি বলেন, আমি আওয়ামী লীগ থেকে সজ্ঞানে জাতীয়তাবাদী দলে যোগদান করছি। গোলাম মাওলা রনি নির্বাচন করবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় এলে জানবেন।

এর আগে নৌকার টিকিট না পেয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন গোলাম মাওলা রনি। তবে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছাও পোষণ করেন তিনি। আজ সকালে এমন ইচ্ছার কথা গণমাধ্যমকে নিজেই জানান গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।

About the author

SOFT PRO IT