রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবার হাতে ছেলে খুন : সজিব হত্যার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার আসামী

বাবার হাতে ছেলে খুন : সজিব হত্যার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার আসামী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার ছুরিকাঘাতে ছেলে সজিব মোল্লা (১৯) নামে এক যুবক হত্যা মামলায় মো. রহিম মোল্লা (৪৬) নামে এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ১৩ই এপ্রিল বুধবার রাতে রূপগঞ্জ থানাধীন পাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রহিম মোল্লা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকার মৃত তমিজ উদ্দিন মোল্লা। র‌্যাবের বিশেষ অভিযানে হত্যাকান্ডের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‌্যাব।

১৩ই এপ্রিল বুধবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. রহিম মোল্লা অন্যান্য পলাতক আসামীদের যোগসাজশে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সজিব (১৮) এর নিজ বাড়িতে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও এলোপাতাড়ীভাবে মারপিট করে গুরতর আহত করে।

পরে ভুক্তভোগীর মা ফাতেমা বেগমের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগী সজিব (১৮) কে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় নিহত সজিব (১৮) এর মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী মো. রহিম মোল্লা (৪৬) হত্যা মামলায় ৩নং এজাহারনামীয় আসামী। হত্যা ঘটনার পর আসামী কৌশলে গা ঢাকা দেয়।

তিনি আরও জানান, নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের পর র‌্যাব ১১ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব ১১ এর একটি বিশেষ আভিযানিক দল নৃশংস ও চাঞ্চল্যকর সজিব (১৮) হত্যা মামলায় এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মো. রহিম মোল্লা (৪৬) কে ২৪ ঘন্টার মধ্যে সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানাধীন পাড়াগাঁও এলাকা হতে গ্রেফতার করে। হত্যা মামলার ঘটনায় এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব ১১ এর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT