বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেফতার

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্লাকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি সুমন (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৮ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড় ও একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহত রনির স্ত্রী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্ল্যার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল পলাতক আসামি সুমনকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT