বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বন্দরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলায় মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টায় স্বল্পেরচক এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। স্কুল ছাত্রীর নাম সাদিয়া আক্তার। সে স্বল্পেরচক এলাকার রাজমিস্ত্রি সালাউদ্দিন মিয়ার মেয়ে ও আমিন আবাসিক এলাকার গিয়াস উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী সাদিয়া আক্তার প্রায় সময়ই স্কুল ফাঁকি দেয়া ও মোবাইল আসক্ত থাকার কারণে তার মা ও ভাই তাকে বকাঝকা করত। গত মঙ্গলবার রাতে তার মা তাকে ঠিকমত পড়াশোনা না করার জন্য গালমন্দ করে। পরে রাগে ক্ষোভে বুধবার সকলের অগোচরে তার নিজ ঘরে দরজার সিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে আশপাশের লোকজন দীর্ঘক্ষণ তার ঘর বন্ধ থাকায় সন্দেহ হলে তার স্বজনদের খবর দেয়। খবর পেয়ে তার স্বজনেরা দ্রুত তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানা পুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রী সাদিয়ার মা ও ভাই মোবাইলে আসক্তি এবং পড়াশোনায় অমনযোগী থাকার কারণে বকাঝকা করে। পরে সকলের অজান্তে সাদিয়া দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বুধবার রাতেই বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

About the author

SOFT PRO IT