অন্যান্য বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বগুড়া-৪ আসনের লাঙ্গলের সম্ভাব্য প্রার্থী হলেন হিরো আলম

বগুড়া-৪ আসনের লাঙ্গলের সম্ভাব্য প্রার্থী হলেন হিরো আলম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন অভিনেতা হিরো আলম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। সেই দিনটি সামনে রেখে চলছে বিভিন্ন দলের মনোনয়নপত্র বিতরণ। প্রস্তুত হিরো আলমও।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য  ১২ নভেম্বর সোমবার জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ নিশ্চিত করে তিনি বলেন, আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাল্লাহ এখানেও আমি আশাবাদী। বগুড়া-৪ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। তিনি বিকাল ৫টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেই সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা সোহেল রানা।

হিরো আলম বলেন, প্রথম দিকে বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করার কথা বলেছিলাম। বগুড়া-৪ আসনে আমার গ্রহণ যোগ্যতা বেশি। যে কারণে সেখান থেকেই নির্বাচন করব। হুসেইন মুহম্মদ এরশাদকে ভালো লাগে। জাতীয় পার্টির মানুষকে কথা দিলে, রাখে। এজন্য লাঙ্গলের প্রার্থী হতে চাই আমি।

তিনি বলেন, আগেও বলেছি এখনো বলছি, চেহারা দেখে মানুষের বিচার করা যায় না। প্রতিভা আর ইচ্ছা শক্তিই সব কিছু। দুই বার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। আমি মনে করি, এটা আমার বিজয়। এলাকার মানুষ আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছি। একাদশ সংসদ নির্বাচনেও ভোটারদের ভালোবাসার প্রতিফলন ঘটাবে এবং আমাকে নির্বাচিত করবে বলেও আমার বিশ্বাস।

হিরো আলম আরো বলেন, আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

উল্লেখ্য, আগে গত  ১১ নভেম্বর রবিবার জাপা চেয়ারম্যান হুসেন মোহম্মদ এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে জাপার মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু হয়।

About the author

SOFT PRO IT