নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের গালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করে। বুধবার (১ লা মে) ভোরে উপজেলার নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে।

নিহতের বাবা সিরাজ সিকদার জানান, সোহেলী ও রাব্বি মিয়া নন্দলালপুর এলাকায় অবস্থিত প্রাইম টেক্সটাইলে কাজ করতো। দুই জনের পরিচয়ের সূত্রে রাব্বি মিয়া তার বাবা-মাকে দিয়ে সোহেলীর বিয়ের প্রস্তাব পাঠায়। বিয়ের পর থেকে তারা নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকার হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। এরপর সোহেলী চাকুরি ছেড়ে দেন ও রাব্বি মিয়া রাজমিস্ত্রীর কাজ শুরু করেন।

তিনি আরো জানান, ভোরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি সোহেলীর নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে আর তার স্বামী রাব্বি কিছুটা দূরে বসে আছেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূটিকে প্রথমে মারধর করে পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT