ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ২

ফতুল্লায় হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতা-কর্মীরা। পরে তাদের বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম

পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে মাসদাইর এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। পরে পুলিশে খবর দিলে তাদের থানা হেফাজতে নিয়ে আসা হয়। ঘটনার সময় মাসদাইরে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও তার অনুসারী কর্মীরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ফতুল্লার পোস্ট অফিস এলাকার আমিন উদ্দিনের ছেলে রুমিন (২৩) ও শাজাহান রোলিং মিল এলাকার প্রয়াত শহিদুল ইসলামের আবু রায়হান (২৪)।

ওসি শরিফুল বলেন, প্রাথমিক তদন্তের পর আটক দু’জনকে ফতুল্লা মডেল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের চারটি সংগঠনের ডাকা হরতাল সমর্থনে শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের দু’টি স্থানে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এবং রাত সাড়ে বারোটার দিকে কাশীপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পৃথক দু’টি ঝটিকা মিছিলে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়। কাশীপুরে মিছিল থেকে সড়কের উপর টায়ারে আগুনও দেওয়া হয়।

About the author

SOFT PRO IT