নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রেমই কাল হলো কিশোর মাওলার, ৩ বন্ধুর হাতে বন্ধু খুন

প্রেমই কাল হলো কিশোর মাওলার, ৩ বন্ধুর হাতে বন্ধু খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাওলা (১৬) নামে এক কিশোরকে তার তিন বন্ধু মিলে হাত পা বেঁধে  শ্বাস রোধ করে হত্যা করেছে । নিখোঁজের ৩ দিন পর তার হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে ১৬ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরের একটি প্লটের ভিতর একটি ঝোপ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মাওলা উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা এলাকার এখলাছ আলীর ছেলে।

রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, নিহত মাওলার সাথে তারাইল এলাকার লিটনের মেয়ে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী লামিয়ার সাথে প্রেম ছিল। মাওলারই বন্ধু তারাইল এলাকার নাছিমও লামিয়াকে ভালবাসতো। নাছিম লামিয়ার জীবন থেকে মাওলাকে সরে যেতে হুমকি দেয়। এরই জের ধরে নাছিম ও তার সহযোগী বন্ধু সবুজ, কাউসারসহ কয়েকজন মিলে মাওলাকে হত্যার পরিকল্পনা করে। গত ১৩ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে অটোরিক্সা চালক মাওলাকে রিজার্ভ ট্রিপের কথা বলে একই এলাকার তার বন্ধু কাউসার ও সবুজ মোবাইল ফোনের মাধ্যমে বাড়ী থেকে অটোরিক্সাসহ তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ তদন্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে নিখোঁজ মাওলার মোবাইল ফোনসহ কাঞ্চন  পৌরসভার তারাইল এলাকার মানিকের ছেলে নাছিমকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য মতে তার সহযোগী পাইস্কা এলাকার সানাউল্যার ছেলে কাউসার ও মান্নানের ছেলে সবুজকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেখানো মতে শনিবার দুপুরে পুলিশ পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের একটি প্লটের ঝোপের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাওলার লাশ উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তরা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 November 2019

প্রেমই কাল হলো কিশোর মাওলার, ৩ বন্ধুর হাতে বন্ধু খুন

www.narayanganjbarta24.com