নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ৯ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে ওয়ারেন্ট তামিলসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলাজুড়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টা থেকে বুধবার (৬ মার্চ) ভোর ৫টা পর্যন্ত চলে এ বিশেষ অভিযান। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত অভিযানে মোট ২২ টি গ্রেফতাররি পরোয়ানা (জিআর) ও ১০ টি সিআর তামিল করা হয় এবং ১টি সাজা পরোয়ানা গ্রেফতার করা হয়। মোট ৩৩ টি পরোয়ানা (ওয়ারেন্ট) নিষ্পত্তি করা হয়। এছাড়াও অভিযানে ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ গ্রাম হেরোইন, ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ১৮ টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ২৩ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, উক্ত অভিযানে মুখ্য ভুমিকা পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। এ অভিযান পরিচালনায় মোট ১৪ টি টিম কাজ করে। প্রতি টিমে একজন সাব ইন্সপেক্টর সহ ৯ থেকে ১০ জন করে ফোর্স অংশগ্রহন করা হয়।

