নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচনে বহু লাশ দেখেছি, আর দেখতে চাই না : না.গঞ্জে ইসি রফিকুল

নির্বাচনে বহু লাশ দেখেছি, আর দেখতে চাই না : না.গঞ্জে ইসি রফিকুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন, আমি যখন আইনশঙ্খলা কমিটির মিটিংয়ে বসবো তখন তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিবো। সেই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা আমি নিজে মনিটরিং করবো। ভোটারদের মাঝে যেন হতাশ ক্ষোভের সৃষ্টি না হয়। তারা যাতে বলতে পারে তারা সুন্দর, সুষ্ঠু নির্বাচন দেখেছে। আপনদের কাছে অনুরোধ, আপনাদের সহযোগিতা আমার দরকার। আমার জীবনে নির্বাচনকে কেন্দ্র করে আমি বহু লাশ দেখেছি। আর লাশ দেখতে চাই না। আপনারা মনে করবেন না আমরা উদাসীন। আপনারা আমাদের সহযোগিতা করবেন। ২রা জানুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রফিকুল ইসলাম বলেন, আমরা আপনাদের কাছে কিছু কাগজ দিয়েছিলাম। সেই কাগজে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরেছেন। আপনাদের সবার অভিযোগ আমরা আমলে নিয়েছি, আমরা ব্যাবস্থা নেব। আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভোটারদের বলবেন ভোটকেন্দ্রে যেতে। তারপর যদি যেতে না পারে আমার পুলিশ ম্যাজিস্ট্রেট ্যাব আছে। তাদেরকে জানাবেন, তারা ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়া কখনও সম্ভব না। প্রমাণ করতে পারলে আমি ১৬ জানুয়ারি নির্বাচন ইভিএমে করবো না। ইভিএমে একটি মাত্র উপায় আছে একজনের ভোট আরেকজনের দেওয়ার। সেটা হলো আরেকজন যদি আপনার ব্যালটে টিপ দিয়ে দেয়। এটা হলে আপনাদের এজেন্টদের বলবেন যাতে তারা সাথে সাথে বাধা দেয়। এরপরেও বন্ধ না হলে ডকুমেন্টারি অভিযোগ দেবেন। দরকার হলে আমরা ভোট বন্ধ করে দিয়ে পুনরায় ভোটের ব্যবস্থা নেব। ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়া কখনও সম্ভব না। আমার অনুরোধ আপনারা এক্সপার্ট নিয়ে আসেন এবং আমাকে দেখান। প্রমাণ হলে আমি ইভিএমে ভোট করব না। আশঙ্কার কোন কারণ নেই।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মাহফুজা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সহকারী রিটার্নিং কর্মকতা মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রচার কাজের বিষেয়  নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিয়ম বর্হিভূত কোনো আচরণ করলে নিয়োজিত প্রশাসন ব্যবস্থা নেবে। আপনারা অভিযোগ করেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। অর্থাৎ কেউ নিয়ম না মেনে মাইক ব্যবহার করছে আপনি মেনে ব্যবহার করছেন। প্রশাসনের কাছে নির্দেশ নির্ধারিত সময়ের আগে বা পরে মাইক দেখলেই ব্যবস্থা নেবেন। প্রয়োজনে মাইক জব্দ ও জরিমানা করা হবে। প্রয়োজনে আইন ভঙ্গকারীকে হাজতে পাঠাবে মাঠ পর্যায়ের প্রশাসন। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আপনাদেরও আমরা ছাড় দেবো না।

নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, আপনারা দয়া করে এমনটা মনে করবেন না, আমরা উদাসীন হয়ে আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে।

About the author

SOFT PRO IT