অন্যান্য নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ উজিরপুরে উদ্ধার

না.গঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ উজিরপুরে উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নজরুল চৌধুরীর লাশ বরিশালের উজিরপুরে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের ছেলে ও স্বজনরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে এসে লাশ শনাক্ত করেন। তিনি কুমিল্লা জেলার সালধর এলাকার মৃত রুকুমিয়ার ছেলে।

নজরুল ২০-২৫ বছর ধরে নারায়ণগঞ্জ জেলার বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। বাবুরাইল এলাকায় চৈতী জুয়েলার্স নামক সোনার দোকানের মালিক তিনি। নিহতের ভাই মো. সুলতান জানান, ২ জুন বাসা থেকে ৫০ হাজার টাকা ও অলংকার নিয়ে বের হন নজরুল চৌধুরী। এরপর আর বাসায় ফেরেননি।

নজরুল নিখোঁজ থাকলে ৩ জুন ছেলে মুন্না চৌধুরী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর এলাকায় নিশ্চিত হয়। ঈদের দিন উজিরপুরে এসে নজরুল চৌধুরীর সন্ধান চালানো হলেও কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার উজিরপুর থানা পুলিশ মুগাকাঠি গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দাবি, নজরুলকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

About the author

SOFT PRO IT