নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে জাল সনদ তৈরির অভিযোগে কথিত সাংবাদিক গ্রেফতার

না.গঞ্জে জাল সনদ তৈরির অভিযোগে কথিত সাংবাদিক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অর্থের বিনিময়ে জাল শিক্ষা সনদ (সার্টিফিকেট), জন্ম নিবন্ধন তৈরি করে প্রতারণার অভিযোগে রাশেদ আহম্মেদ (৩২) নামে কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ২০ জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে সান্তনা মার্কেটে অবস্থিত বিসমিল্লাহ কম্পিউটার নামক দোকানে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব। এ সময় ৮টি জাল সার্টিফিকেট, ৩টি জাল জন্ম নিবন্ধন সনদ ও ১ লাখ ২৩ হাজার ৬ শত টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরি জানান, জাল শিক্ষা সনদ, ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে প্রতারণার দায়ে রাশেদ আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে জয়যাত্রা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করতো। তার দখল হতে ২টি সিপিউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ২টি পেন ড্রাইভ, ১টি মডেম, ৮টি জাল সার্টিফিকেট, ৩টি জাল জন্ম সনদ ও নগদ ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, রাশেদ আহম্মেদের বাড়ী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন পাঁচকাঠি এলাকায়। সে জয়যাত্রা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার পাশাপাশি তার মালিকানাধীন বিসমিল্লাহ কম্পিউটার নামক দোকানে বিভিন্ন ধরনের জাল শিক্ষা সনদ, ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে লোকদের ঠকিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমনকি সে নিজে বাণিজ্য বিভাগে জিপিএ ৩.৪৮ (বি গ্রেড) নিয়ে ২০০৪ সালে এসএসসি পাশ করলেও নিজের নামে অবৈধ উপায় অবলম্বন করে তার কম্পিউটারে এডিট করে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন এ+) নিয়ে পাশ করার ভুয়া সার্টিফিকেট তৈরি করে।

এছাড়াও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, ঢাকা, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডের ব্যানারে তার নিজের নামে বিভিন্ন জাল শিক্ষা সনদ তৈরি করে। দীর্ঘ দিন ধরে সে বিসমিল্লাহ কম্পিউটার নামক দোকানে ব্যবসার আড়ালে অধিক লাভবান হওয়ার জন্য কম্পিউটারে বিভিন্ন এডিটিং সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে জাল শিক্ষা সনদ, জাল জন্ম নিবন্ধন তৈরি করে সাধারণ জনগনের সাথে প্রতারণা করে আসছে।

About the author

SOFT PRO IT