নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের অর্চনা মার্কেটের গুদামে আগুনে কাপড় পুড়ে ছাই

না.গঞ্জের অর্চনা মার্কেটের গুদামে আগুনে কাপড় পুড়ে ছাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় একটি হোসিয়ারী মার্কেটের আগুনে একটি হোসিয়ারি কারখানার গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ৩ই মে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় নয়ামাটি এলাকার অর্চনা মার্কেটের ৬ তলা ভবনের চতুর্থ তলায় কল্যানী হোসিয়ারির থান কাপড়ের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত এগারোটায় আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইফতারের পরপর অর্চনা মার্কেটের চতুর্থ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ভবনের সকল কারখানার শ্রমিকরা নীচে নেমে আসে। পরে খোঁজ নিয়ে দেখা যায় কল্যাণী হোসিয়ার থানের গোডাউনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের যন্ত্র দিয়ে চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সরুগলি ও যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভবনের কাছে যেতে বিলম্ব ও বেগ পেতে হয়। ফলে ২০০ থেকে ৩০০ মিটার দূরে গাড়ি রেখে সেখান থেকে পাইপ দিয়ে পানি দেয়া হয়। এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্টকর হয়ে উঠে। দশটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানানো হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT