নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ইসি

পুলিশ সুপার আনিসুর রহমানের যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে ইসির সহকারী সচিব নুরুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুন নাহার ওই প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন বলেও জানান। নুরুন নাহার বলেন, গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই চিঠি পাঠানো হয়েছে। তবে আজ বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এই সংক্রান্ত কোনো চিঠি নারায়ণগঞ্জে যায়নি বলে জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট । অভিযোগের পর জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, (নারায়ণগঞ্জ জেলার এসপির স্ত্রী বেগম ফাতেমা তুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন তাঁরা। এমন অবস্থায় ইচ্ছে থাকা সত্ত্বেও এসপির পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।)

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতেই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ফাতেমা তুজ্জহুরা সংরক্ষিত মহিলা ২১ আসনের বর্তমান এমপি। চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান।

এর আগে ইসির নির্দেশে গত ২৬ নভেম্বর যৌন হয়রানির অভিযোগ ওঠায় নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া মুন্সীগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

এসপি আনিসুর রহমান এর আগে যশোরের এসপি ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশায় জন্মগ্রহণ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 November 2018

নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ইসি

www.narayanganjbarta24.com