সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে র‌্যাবের কাছে ২৫ পরিবহণ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে র‌্যাবের কাছে ২৫ পরিবহণ চাঁদাবাজ গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদা উত্তোলনকালে হাতেনাতে ২৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারদের ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। রবিবার ৪ ফেব্রুয়ারি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রাপ্তরা হলো, জুয়েল আহমেদ (৩০), শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), ওমর ফারুক (২৮), ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), বিপ্লব খান (২৯), ফরহাদ (২৮), আসিফ (২১), আতিকুর রহমান (৪৫), মারুফ হোসেন (২৮) এবং অর্থদন্ড প্রাপ্তরা হলো, কবির হোসেন (২৮), রানা (৩০), রাজিব (৩০), দিপু (১৯), সাদ্দাম হোসেন (১৮), সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), সোহেল (৩৫), আল আমিন(৩৫), ইকবাল (৪৫), রকিবুল হাসান (২৬) ও রাসেল (২৫)।

র‌্যাব জানায়, সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সড়ক-মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। যার ফলে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। পণ্য পরিবহণে চাঁদাবাজির ঘটনা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় এই সমস্যা সমাধানে চাঁদাবাজদের গ্রেফতারে নজরদারি বাড়ায় র‌্যাব। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে। ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেয়। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দেয়। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে না চাইলে তাদের গাড়ি ভাঙচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক ড্রাইভাররা ও ব্যবসায়ীরা জিম্মি। এই বাড়তি খরচের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

র‌্যাব আরও জানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়কালে হাতেনাতে ২৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তা।

About the author

SOFT PRO IT