নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবৈধ বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া, গোদনাইল এবং বন্দর উপজেলার সোনাকান্দা ও লক্ষণখোলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায় বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত।

এ সময় চারটি ড্রেজার, পাঁচ শতাধিক বর্গফুট ড্রেজারের পাইপ, বাশের পাইলিং গুড়িয়ে দেয়া হয়। অবমুক্ত করা হয় দুই একর জমি।

অভিযান পরিচালনাকালে অবৈধ ব্যবসায়ী ও দখলদাররা পালিয়ে যান। তারা দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর তীরের কয়েক হাজার বর্গফুট জায়গা ভরাট করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম বলেন, স্থানীয় প্রভাবশালী লোকজন নদীর তীর দখল ও ভরাট করে বালু ব্যবসার পাশাপাশি নদীর তীরে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু ব্যবসা চালাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে বেশ কয়েকজন বালু ব্যবসায়ীর ড্রেজার, পাইপ, বাঁশের পাইলিং ভেঙে গুড়িয়ে দিয়েছি।

এছাড়া জব্দকৃত চারটি ড্রেজার, দুটি বালুবোঝাই বাল্কহেড, স্তুপকৃত বালু-মাটি মোট চার লাখ ৩৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। নদী দখলকারীর যত প্রভাবশালী হোক না কেন তাদের কোনো ছাড় নেই। নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলবে, যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

About the author

SOFT PRO IT