নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি লক্ষাধিক

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি লক্ষাধিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯ই এপ্রিল শনিবার রাত ১০টায় ফতুল্লার ইসদাইর বাজারের পশ্চিমে পাওলা গার্মেন্টস এলাকায় আলমের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। এসময় কিছু উৎসুক জনতা মোবাইল হাতে নিয়ে ভিডিও এবং ছবি ধারন করায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মালিক পক্ষের দাবি আগুনে তার প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

এলাকাবাসী জানান, গোডাউনের তিন পাশে বহুতল একাধীক আবাসিক বাসা বাড়ি রয়েছে। এর মাঝখানে একটি তুলার গোডাউন মানে কয়েক হাজার মানুষের জন্য ঝুকিপূর্ণ। এটি যাতে আর এখানে নির্মান করতে না পারে এজন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ শরিফুল আলম জানান, তার গোডাউনে তুলা দিয়ে বালিশ, লেপ-তোষক তৈরি করে তা বিক্রি করেন। তার এই গোডাউনের সামনে ৬টি দোকান রয়েছে। কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলতে পারেন না। তবে আগুনে তার ২০/২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ গোডাউনে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা নেই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের মণ্ডলপাড়ার তিনটি ও হাজিগঞ্জের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

About the author

SOFT PRO IT