নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি বহুতল ভবনের রান্না ঘরে লিকেজে জমে থাকা গ্যাস  বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। আজ ১২ই এপ্রিল সোমবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উজ্জ্বল (৪০) ওই ভবনের দারোয়ান ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তার সহকর্মী মানিক (৪২) এখনও চিকিৎসাধীন।

প্রসঙ্গত, এর আগের দিন ১১ই এপ্রিল রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আমলাপাড়ার প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন আবাসিক ভবনের ৮ তলার রান্না ঘরে এ দুর্ঘটনা ঘটে। গ্যাসের লাইন মেরামতের কাজ অসম্পূর্ণ রেখেই রান্না ঘরের দরজা জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে ছিল। উজ্জ্বল ও মানিক জ্বলন্ত সিগারেট নিয়ে রান্না ঘরে প্রবেশ করলে বিস্ফোরণ ঘটে। প্রথমে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলেও সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে বলে জানা যায়।

আরেক নৈশ প্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল এবং লিকেজের কারণে গ্যাস জমে ছিল। পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ২ জনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ভবনের বাসিন্দাদের সূত্রে জানা যায়, জিএম গার্ডেনের তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোন অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 April 2021

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

www.narayanganjbarta24.com