আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ারা (৫০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ জুলাই বুধবার বিকালে আড়াইহাজারের গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত আনোয়ারা ওই এলাকার ওমর আলীর স্ত্রী। তবে তিনি স্বামীর সঙ্গে থাকতেন না। আনোয়ারার একমাত্র ছেলে প্রবাসী। ঈদে তার ছেলে দেশে আসার কথা ছিল।

নিহতের ভাগ্নে হিরণ বলেন, খালু ওমর আলী এ বাড়িতে থাকে না। একমাত্র খালাতো ভাই বিদেশে থাকে। মঙ্গলবার রাতে খালাতো ভাই শরীফের দেশে আসার কথা ছিল। আসছে কি না সেটা জানতে বিকালে খালার বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা পাচ্ছিলাম না। এ কারণে ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করি। আর ঘরে ঢুকতেই দেখি খালার মরদেহ পড়ে আছে।

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, দোচালা একটি ঘরে সিঁধ কেটে হত্যাকারীরা ঘরে প্রবেশ করে শ্বাসরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। নিহতের হাত, পা ও মুখ বাঁধা ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মঙ্গলবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা নিহত গৃহবধু আনোয়ারা ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ও তার হাত-পা বেঁধে রাখে । পরে ওই অবস্থাযেই মারা যায় আনোয়ারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT