নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকার জন্য কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো.মাসুদ (২৬) নামের পোশাক কারখানার এক যুবক শ্রমিক খুন হয়েছে। এ ঘটনায় সোহেল (২৫) নামের গ্যাংয়ের এক সদস্যকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পরে জিজ্ঞাসাববাদের জন্য তার বাবা আইয়ু্ব আলীকেও আটক করে পুলিশ। আজ ২৪ জুলাই শনিবার দুপুর সোয়া ১২টায় ফতুল্লা থানাধীন পাগলা নয়ামাটিস্থ লাবনী ফুড কারখনার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতারকৃত সোহেলের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।

নিহত মাসুদ চাঁদপুর হাইমচর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লার পাগলা নয়ামাটির তাজুর মাঠ সংলগ্ন রুহুল আমিন মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, মাসুদের কাছে কিছু টাকা পেতো কিশোর গ্যাং গ্রুপের সদস্য সোহেলের এক ভাই। সেই টাকার জন্য দুই দিন আগে মাসুদকে চাপ দেয় সোহেলসহ গ্যাংয়ের অন্য সদস্যরা।

পরে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উল্লেখিত লাবনী ফুড কারখানার সোহেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাসুদের রাস্তা গতিরোধ করে মারধর করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গ্যাংয়ের একজন হাতে থাকা ছুরি দিয়ে মাসুদের পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনার পর সোহেলকে আটক করা হয়েছে। তার বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আর হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিও জব্দ করা হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

About the author

SOFT PRO IT