নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি, শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি, শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে৷ আজ ২০শে মার্চ রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চর সৈয়দপুরের আল আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে৷

এসময় ১৫ থেকে ২০ জনের মত যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একজন ৬০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ২৫ বছরের তরুণী তীরে এসে মারা যান বলে জানা যায়। নিহতদের মধ্যে ৬০ বছরের বৃদ্ধের নাম জয়নাল ভূঁইয়া। তবে প্রাথমিকভাবে মৃতদের মধ্যে ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজন বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার লোহার ব্যবসায়ী ওমর ফারুক বলেন, নিহত জয়নাল ভূঁইয়া মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। সাইট ভিজিটের জন্য গিয়েছিলেন ডেমরায়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন। বাড়ি ফেরার পথে লঞ্চ ডুবির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ জয়নাল স্ট্রোকের রোগী ছিলেন। লঞ্চ ডোবার পর সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন তিনি। তীরে ওঠার কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জগামী লঞ্চটিকে একটি লাইটার জাহাজ (কার্গো জাহাজ) ঠেলে প্রায় একশত ফুট নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়। এসময় যাত্রীদের চিৎকারের ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠে। মুহুর্তেই অনেকে প্রাণ রক্ষায় নদীতে ঝাপিয়ে পড়ে। কিন্তু বাকী যাত্রীদের নিয়ে লঞ্চ মাঝ নদীতে ডুবে যায়। অনেককেই সাঁতরিয়ে তীরে উঠতে দেখা গেছে। তবে বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনীর ডুবরী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করেছে।

লঞ্চ ডুবির ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে এমভি রূপসী ৯ নামে কার্গো জাহাজটি ঠেলে অনেক দূর নিয়ে যায় যাত্রীবাহী লঞ্চটিকে। পরে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায় কার্গো জাহাজটিতে। ডুবে যাওয়া লঞ্চ থেকে সাঁতরে তীরে ওঠা একাধিক যাত্রী জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানজীর জানান, বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে এক শিশু, এক নারী ও দুইজন পুরুষ রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে দুই জন নারী ও এক শিশু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এরআগেও গত বছরের ৮ জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়৷

About the author

SOFT PRO IT