নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষ : বাম পা বিচ্ছিন্ন শিশুসহ নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষ : বাম পা বিচ্ছিন্ন শিশুসহ নিহত বেড়ে ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এর আগে দুর্ঘটনাস্থলেই নিহত হন দুই জন। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।

আহতরা হলেন : নুরু মিয়া (৩৮), মনোরঞ্জন সাহা (৪০), কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা ও মনির (৩৫)। বাকিদের নাম এখনো জানা যায়নি। নুরু মিয়া ও মনোরঞ্জন সাহা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২৬ই ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ১ নং রেল গেইট (ফলপট্রি) এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হন দুই জন। এসময় আহত সাত বছরের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আহত মনোরঞ্জন সাহার স্ত্রী সঙ্গীতা সাহা বলেন, দুর্ঘটনার সময় আমার স্বামী সেখানে ছিলেন। আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার পায়ে আঘাত লেগেছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. ইব্রাহিম ও জনি বলেন, আমরা শিশুসহ তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে শিশুটি মারা গেছে। তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, গুরুতর আহত ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

About the author

SOFT PRO IT