প্রধান খবর সংবাদ শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে : ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে : ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মানুষের সমালোচনার মোকাবিলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচকগুলোকে ইতিবাচক অবস্থায় পরিণত করতেই এবারের বাজেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশ্বের সবাই কষ্টে আছে। বিশ্ব পরিস্থিতির কারণেই মানুষ কষ্টে আছে, সরকার মানুষকে কষ্ট দিচ্ছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। শনিবার (৩রা জুন) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তি সংবাদ সম্মেলনে তিনি এসবকথা বলেন।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা চিন্তা করে। আর তাই এবারের বাজেটও তৈরি করেছে দেশ ও মানুষের কল্যাণের কথা মাথায় রেখে। অনেক দেশের নেতারাই শেখ হাসিনাকে ফলো করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। সারা বিশ্ব শেখ হাসিনার প্রসংশা করলেও এদেশের বিরোধীদলের লোকরা একটা ধন্যবাদও দিতে পারেনা। এদেশের বিরোধীদলের রাজনীতি বিশ্বে বিরল। বিরোধীদল শুধু সমালোচনা আর বিরোধিতা করে, ভালো কোনো পরামর্শ দিতে পারেনা।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব সংঘাতময়, অস্থির পরিস্থিতি বিরাজমান। অস্বস্তিকর অবস্থার পাশাপাশি ডলার সংকট রয়েছে। সোমালিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে খাদ্য সংকট। এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট। বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন। মুদ্রাস্ফীতি সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার।

বাজেট নিয়ে বিএনপির সমালোচনার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যাদের অর্থনীতিই ছিল লুটপাটের, সেই বিএনপি এ বাজেটকে লুটপাটের বাজেট বলে কি করে? তাদের সময় কি পরিমাণ বাজেট ছিল, আজকে তা কি হয়েছে? আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর রিজার্ভ কি ছিল? শেখ হাসিনার নেতৃত্বে ৪৮.৫ বিলিয়ন ডলার হয়েছিল। কিন্তু বিশ্বসংকটে এটার কিছুটা তারতম্য আছে, তবে সব সংকটই সমাধান হয়ে যাবে দ্রুত।বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মধ্যে অনেক চিন্তা ভাবনা করে এবারের বাজেট করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : বিডি নিউজ

About the author

SOFT PRO IT