জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশে অবিবাহিত মানুষের সংখ্যা ২৮.৬৫ শতাংশ

দেশে অবিবাহিত মানুষের সংখ্যা ২৮.৬৫ শতাংশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে ২৮ দশমিক ৬৫ শতাংশ মানুষ অবিবাহিত। জনশুমারি ২০২২-এর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১০ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যার বৈবাহিক অবস্থার শতকরা হারে এ হিসাব।

২৭ জুলাই বুধবার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী ও ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

জনশুমারি ২০২২-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ জনের মধ্যে গড়ে অবিবাহিত ২৮ দশমিক ৬৫ শতাংশ। বর্তমানে বিবাহিত ৬৫ দশমিক ২৬ শতাংশ। বিধবা কিংবা বিপত্মীক ৫ দশমিক ৩১ শতাংশ। তালাকপ্রাপ্ত শূন্য দশমিক ৪২ শতাংশ। আলাদা থাকেন শূন্য দশমিক ৩৭ শতাংশ।

About the author

SOFT PRO IT