নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি

দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা দিয়েই আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। তখন আমাদের দাবি থাকবে, সম্মান থাকবে। তবে আমরা কখনো রাস্তায় নেমে অন্যের অধিকার হরণ করব না।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে আমাদের শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে। গার্মেন্টস খাতে বাংলাদেশ আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব ধরে রাখতে হলে আমাদের আরও দক্ষ, সচেতন ও শৃঙ্খলিত হতে হবে—নইলে প্রতিযোগিতায় অন্যরা এগিয়ে যাবে।

জেলা প্রশাসক বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জনগণ। ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমরা যদি আমাদের আচরণ, ব্যবহার ও দক্ষতা দিয়ে বিশ্ববাজারে নিজেদের প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, ‘শিল্পাঞ্চলের বিকাশ না ঘটলে আজকে আমাদের এই অবস্থান হতো না। তাই কারো প্ররোচনায় না পড়ে, না জেনে কিছু না করে, আমাদের স্বপ্নগুলোকে টিকিয়ে রাখতে হবে। আমাদের চাহিদার সাথে সামর্থ্যের সমন্বয় করতে হবে। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, ধ্বংসের নয়।’

বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম সভার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT