নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুই মামলায় জামিন পেলেন পারটেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে রাসেল

দুই মামলায় জামিন পেলেন পারটেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে রাসেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের হওয়া অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন পারটেক্স  গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছোট ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শওকত আজিজ রাসেল।

৪ঠা নভেম্বর সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। দুই মামলায় বিচারিক আদালতে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত রাসেলকে জামিন দেন হাইকোর্ট।

আদালতে রাসেলের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও গুলি উদ্ধার করে পুলিশ। ওই দিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আটক করে গাড়িটি তল্লাশি করে মাদক ও গুলি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়ি চালক সুমনকে গ্রেফতার করা হয়।

গাড়ি (ঢাকা মেট্টো-ঘ-১৩-৮৩৭৫) থেকে ২৮ রাউন্ড গুলি, এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৪৮ ক্যান বিয়ার এবং নগদ ২২ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 November 2019

দুই মামলায় জামিন পেলেন পারটেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে রাসেল

www.narayanganjbarta24.com