রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তিতাসের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ১

তিতাসের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শেখ হাসিনা সরণির আন্ডারপাসে পিকনিকের বাস আটকে এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরো অন্তত ২২ জন। হতাহত সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ শাখার কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য।

শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড়ঘন্টার চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত৷ আহতদের মধ্যে ১২ জন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত ওই শিশুর নাম মো. নিখিল (১২)। সে তিতাস গ্যাস কর্মচারী নিলুফা ইয়াসমিনের ছেলে। এই ঘটনায় নিলুফাও আহত হয়েছেন।

আহত অন্যরা হলেন, নিশু মনি (১৭), শাকিল আলমগীর (৫০), তানিয়া আক্তার (৪০) , শ্যামা (৩৫), সুরাইয়া (২৫), অর্পনা বিশ্বাস (২০), সুমাইয়া জাহান (৩৫), চমক (২১), মনোয়ার হোসেন (৫৮) প্রীতি (২৩), শ্রাবন্তী (১২), ইতি (৩৮), মোঃ নজরুল ইসলাম (৩৫), বলহরী (১৯), মদিনা সরকার (২৫), সুমাইয়া আক্তার (২৪) রাদ (১০) শরীফুল আসাদ (৪০) হুমাইরা বেগম (৫৮) ও জাহানারা (৪৫)।

তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ জানান, শনিবার সকালে তিতাস গ্যাস কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে রূপগঞ্জের একটি পার্কে বার্ষিক বনভোজনে যাচ্ছিল।

এসময় বনভোজনের একটি দোতলা বাস শেখ হাসিনা সরণির একটি আন্ডারপাসে আটকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

আহতদের মধ্যে বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন মামুন আর রশীদ।

তিনি জানান তাঁরা আহতদের চিকিৎসার বিষয়টি তদারক করছেন। আহতদের মধ্যে একজনের পা থেতলে গেছে।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে উদ্দীপন ভক্ত বলেন, সড়কটি শেখ হাসিন সরণির একটি সার্ভিস সড়ক। এই সড়কটি দোতলা বাস চলাচলের জন্য নয়। চালক ভুল করে সড়কটিতে উঠে যায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এতে আন্ডারপাসের ছাদে গাড়িটি আটকে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
এই ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আন্ডারপাসটিতে সর্বোচ্চ কতো উচ্চতার গাড়ি চলাচল করতে পারবে তা লেখা ছিল না। তবে চালক সতর্ক থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেতো।

সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।

About the author

SOFT PRO IT