নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে কৃষক দলের বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে কৃষক দলের বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা কৃষক দল।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি শাহালম ব্যাপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি ডা. শাহীন মিয়া, সদস্য সচিব আলম মিয়া, রূপগঞ্জ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, তারাব পৌরসভার কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।

সমাবেশে জেলা কৃষকদলের সভাপতি ডা. শাহীন মিয়া বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন, গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না।

সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি শাহালম ব্যাপারী বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই সে দিন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটি কুচক্রী মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। আমরা বিগত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি। স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাজপথ ছাড়িনি। রূপগঞ্জ উপজেলা কৃষক দল রাজপথে ছিল, আছে এবং থাকবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT