জাতীয় প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টিকটকারদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ

টিকটকারদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : টিকটকের অপব্যবহার বা ক্ষতিকর দিকগুলো বিবেচনায় টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়। ২১ জুলাই বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী বৈঠকে অংশ নেন।

বৈঠকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক পরিস্থিতির ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাসমূহের গৃহীত সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT