নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদ্য ঘোষিত জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু–মিছিল করেছে কমিটিতে স্থান না পাওয়া নারায়ণগঞ্জ ছাত্রদলের একাংশ। কমিটিকে অবৈধ, টাকা কেনা কমিটি দাবি করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এসময় তাঁরা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে। ৬ জুন বুধবার দুপুরে মিশনপাড়া এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিশনপাড়া গলির ভেতর থেকে ছাত্রদল নেতা মো. মহসিন হোসাইনের নেতৃত্বে জুতা, ঝাড়ুসহ এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে ডনচেম্বার মোড় ঘুরে এসে মিশন পাড়া মোড়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক একরামুল হাসানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

মিছিল থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দেয়া হয়। এবং টাকার বিনিময়ে ছাত্রদল কমিটি আওয়ামী লীগের হাতে তুলে দেয়া হয়েছে দাবি করে শ্লোগান দেয়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, ৫০ লাখ টাকার বিনিময়ে অছাত্র, অযোগ্য, অচেনা এবং আওয়ামী লীগের এজেন্টদের হাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল কমিটি তুলে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি কাজি মনিরুজ্জামান মনির, শাহ আলম ও কেন্দ্রী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ টাকার বিনিময়ে এই কমিটি কিনে নিয়ে এসেছেন বলে তাঁরা অভিযোগ করেন।

তাঁদের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে যেসব নেতাকর্মীরা হামলা, মামলার শিকার হয়েও রাজপথে মিটিং মিছিল করেছে তাঁদেরকে এই দুই কমিটির বাইরে রাখা হয়েছে। এই কমিটি বিএনপির কোনো কাজে আসবে না, কেবল মাত্র আওয়ামী লীগকে সুবিধা দিতেই এই কমিটি গঠন করা হয়েছে। যার কারণে জেলা ছাত্রদলের সভাপতি যাকে বানানো হয়েছে সে একজন চিহ্নিত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাঁর এক ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, একভাই মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান এবং মামা মতি প্রধান স্থানীয় আওয়ামী লীগের সভাপতি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রতন, পলাশ, লিংকন, তপু, অলি, সুজন, লিয়ন, জাহিদুল ইসলাম সিফাত, স্বর্ণা প্রমূখ।

About the author

SOFT PRO IT