জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

চাঁদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পার্শ্ববর্তীদেশ ভারত ও পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। ধর্মীয় বিধান ও প্রাকৃতিক নিয়ম অনুয়ায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের ব্যবধান এক দিনের না হলে একই দিনে আশপাশের দেশগুলোতে চন্দ্র মাস গণনা করা হয়। সে অনুয়ায়ী পার্শ্ববর্তী দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান কোনোভাবেই একদিনের নয়। তাই আগামীকাল বাংলাদেশেও পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার রাত ১১ টায় চাঁদ দেখা কমিটির জরুরি বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দেন।  মন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটে পরিচ্ছন্ন আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, এর আগে দেশের আকাশে চাঁদ দেখা যায়নি বলে যে ঘোষণা দেয়া হয়েছিল তাতে সংশোধনী এনে উল্লখিত জেলা প্রশাসকরা চাঁদ দেখা তথ্য নিশ্চিত করলে রাতে জরুরি বৈঠক ডেকে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, কুঁড়িগ্রামের ভুরাঙ্গামারি ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশের আকাশ সীমায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, দেশের কোথাও ১৪৪০ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে তখন বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম। সূত্র: ডেইলি বাংলাদেশ

About the author

SOFT PRO IT