নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চতুর্থ দফায় সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর

চতুর্থ দফায় সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও নারায়ণগঞ্জের তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এর আগে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন দফায় তার জামিন আবেদন নাকচ হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার হয়ে জিসানের বাবা মো. হানিফ এবং চাচা ফুড ব্লগার শওকত মিথুনও কারাগারে।

জিসানের আইনজীবী আওলাদ হোসেন বলেন, জিসান একজন সাংবাদিক, তার চাচা একজন ফুড ব্লগার। অথচ তাদের মিথ্যা অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জুলাই আন্দোলনেও ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিল। তাছাড়া, তাদের বিরুদ্ধে সকল অভিযোগ জামিনযোগ্য ধারা। আমরা সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি আদালতে, কিন্তু আদালত এবারও জামিন আবেদন নামঞ্জুর করেছে। আমরা ন্যায়বিচার পাইনি।

জামিন না পাওয়াতে জিসান গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকের ভর্তি পরীক্ষাও দিয়েছেন কারাগারে।

About the author

SOFT PRO IT