অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বাসে আগুন : শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ১৭

কুমিল্লায় বাসে আগুন : শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ১৭
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ১১ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত সোনা মিয়া মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও একই উপজেলার বনুয়াকান্দি গ্রামের সাইফুলের ছেলে সাফিন (৫)। তবে আহতদের সবার পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলব অভিমুখী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু ও বয়স্ক একজনের দগ্ধ লাশ বাসটি থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, ৫ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

About the author

SOFT PRO IT